নিউজ প্রবাসী ডেক্স :
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা ও সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে বীরভূমের রামপুরহাটে নিজের বাড়ি লাগোয়া তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। সেখানে আশিস রাজনীতিতে আসা নিয়ে আক্ষেপের কথা লিখেছেন এবং পরিবারের সদস্যদের ভবিষ্যতে রাজনীতিতে না জড়ানোর পরামর্শ দিয়েছেন।
চিরকুটে তিনি নিজেকে কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন। পাশাপাশি দলীয় অন্যায়ের প্রতিবাদ করতে না পারার কথাও উল্লেখ করেছেন।
আশিস বন্দ্যোপাধ্যায় ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা রামপুরহাটের বিধায়ক ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় তিনি স্কুলশিক্ষা ও কৃষিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
এবারের বিধানসভা নির্বাচনে রামপুরহাট আসনে প্রার্থী হলেও তিনি জয় পাননি। এরপর থেকে তাকে সক্রিয় রাজনীতিতে খুব একটা দেখা যায়নি।
তার মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।