বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে ঘিরে অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে। এর মধ্যেই বিয়ে ও মাতৃত্ব নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা প্রকাশ্যে জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন, এখনই বিয়ের সিদ্ধান্ত না নিলেও ভবিষ্যতে সংসার গড়তে এবং মা হতে চান।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের আয়োজনে পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে অংশ নেন অনন্যা। অনুষ্ঠানে সত্তর ও আশির দশকের অভিনেত্রীদের সঙ্গে বর্তমান সময়ের শিল্পীদের তুলনা করতে গিয়ে নিজের ভাবনা তুলে ধরেন তিনি।
অনন্যার মতে, আগের সময়ের তুলনায় বর্তমান প্রজন্মের অভিনেত্রীরা নিজেদের মতামত অনেক বেশি স্বাধীনভাবে প্রকাশ করতে পারেন। বিয়ে ও সংসার নিয়ে কথা বলতে গিয়ে নিজেকে রোমান্টিক মানুষ হিসেবেও উল্লেখ করেন তিনি। ভালোবাসাকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় মনে করেন এই অভিনেত্রী।
অনন্যা জানান, আপাতত বিয়ের পরিকল্পনা না থাকলেও ভবিষ্যতে অবশ্যই বিয়ে করতে চান। একই সঙ্গে মা হওয়ার ইচ্ছার কথাও অকপটে প্রকাশ করেন তিনি।
ক্যারিয়ারের শুরুর দিকে কিছুটা সংকোচ থাকলেও সময়ের সঙ্গে অভিনয়ে নিজের অবস্থান শক্ত করছেন অনন্যা। জেন-জি প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি স্বজনপোষণ বিতর্ক নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেছেন তিনি।
চাঙ্কি পাণ্ডের মেয়ে হিসেবে পরিচয় নিয়ে গর্বিত অনন্যা। তবে শুধু তারকা বাবার পরিচয়ে নয়, নিজের পরিশ্রম ও যোগ্যতার মাধ্যমেই বলিউডে স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চান তিনি। ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে তাঁর খোলামেলা বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।