নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রাম নগরীতে মাদক সেবনের টাকা না পেয়ে ২০ মাস বয়সী মেয়েকে বাসা থেকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে সদরঘাট থানা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার রাতে পশ্চিম মাদারবাড়ি পানির ট্যাঙ্ক এলাকার বাসা থেকে লোকমান হোসেন সাগর (২৭) তার মেয়ে ফাতেমা আক্তারকে নিয়ে বেরিয়ে যান। শিশুটির মা সীমা আক্তারের অভিযোগ, মাদক সেবনের জন্য স্বামী তার কাছে টাকা চেয়েছিলেন। টাকা না দেওয়ায় শিশুটিকে বিক্রি করে দেওয়ার কথা বলে তিনি মেয়েকে নিয়ে বের হন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বাসা থেকে বের হওয়ার পর সাগর মোবাইল ফোন বন্ধ করে দেন। বিষয়টি জানিয়ে সীমা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির বাবার অবস্থান শনাক্ত করে পুলিশ।
রাত সাড়ে ১১টার দিকে নগরীর যুগী চাঁদ মসজিদ লেইন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
সদরঘাট থানার ওসি একরাম উল্লাহ জানান, শিশুটিকে সাগরের এক খালাত ভাইয়ের বাসা থেকে উদ্ধার করা হয়েছে। সাগর সেখানে শিশুটিকে বিক্রি করে দেওয়ার কথা জানিয়েছিলেন বলে পুলিশকে জানান ওই স্বজন। পরে তিনি কৌশলে শিশুটিকে নিজের হেফাজতে রাখেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে শিশুটির মা অভিযোগ করলেও সন্তান উদ্ধারের পর স্বামীর বিরুদ্ধে কোনো মামলা করেননি। ঘটনার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।