নিজস্ব প্রতিবেদক যশোর :
চৌগাছার সিংহঝুলি গ্রামের মো. আফিল উদ্দীন দফাদারের সঙ্গে বিএনপির কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলে জানিয়েছে যশোর জেলা বিএনপি।
রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপি জানায়, মো. আফিল উদ্দীন দফাদার, পিতা—মৃত আবুল হোসেন দফাদার, বিএনপি কিংবা দলটির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো পদে নেই। এমনকি তিনি দলের কর্মী হিসেবেও পরিচিত নন বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আফিল উদ্দীন নিজ দায়িত্বে বিএনপির কর্মী পরিচয় ব্যবহার করে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। দলের ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ড শৃঙ্খলা পরিপন্থী এবং এর মাধ্যমে বিএনপি ও দলটির নেতাকর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আফিল উদ্দীনের সঙ্গে বিএনপির অতীতেও কোনো সাংগঠনিক সম্পর্ক ছিল না এবং বর্তমানেও নেই। তার কোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে যশোর জেলা বিএনপি।