নিউজ প্রবাসী ডেক্স :

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নেমে গোল করে স্মরণীয় বিদায় নিলেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামার মুহূর্তকে আরও বর্ণিল করে তুলেছেন ফুটবলের এই মহাতারকা।

বাংলাদেশ সময় বুধবার ভোরে বুয়েন্স এইরেসের স্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম দুই গোলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। পরে ৭১তম মিনিটে পেনাল্টি থেকে নিজেই দলের তৃতীয় গোলটি করেন।
ম্যাচ শুরুর আগেই মেসিকে বিদায় জানাতে গ্যালারিতে জড়ো হন হাজারো সমর্থক। মেসির ছবি ও নানা বার্তা লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা প্রিয় তারকাকে শুভেচ্ছা জানান। মাঠে মেসির নাম লেখা বিশাল জার্সি প্রদর্শন এবং আতশবাজির আয়োজনও ছিল। জাতীয় সংগীতের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন কোচ লিওনেল স্কালোনি; পরে মেসির চোখেও দেখা যায় অশ্রু।

ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। সপ্তম মিনিটে তার দূরপাল্লার বাঁ পায়ের শট বেনিনের গোলরক্ষক ঠেকিয়ে দেন। এরপরও একাধিক আক্রমণে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও বিরতির আগে জালের দেখা পায়নি কেউ।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই গোলের খাতা খোলে আর্জেন্টিনা। মেসির কর্নার থেকে পাওয়া বলে দুর্দান্ত ভলিতে গোল করেন নিকোলাস ওতামেন্দি। জাতীয় দল থেকে অবসর নেওয়া এই ডিফেন্ডারের জন্যও ম্যাচটি ছিল ঘরের মাঠে বিদায়ের উপলক্ষ। ১৪০ ম্যাচে ৯ গোল করে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেন তিনি।

এরপর ৬১তম মিনিটে মেসির পাস থেকে গোল করে আর্জেন্টিনার ব্যবধান ২-০ করেন নিকো পাহ। দলের জয় তখন অনেকটাই নিশ্চিত হয়ে যায়। তবে সমর্থকদের অপেক্ষা ছিল মেসির গোলের জন্য। ৭১তম মিনিটে পেনাল্টি থেকে জোরালো শটে সেই অপেক্ষার অবসান ঘটান তিনি। গোলের পর সতীর্থরা তাকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন।

শেষ দিকে আরও একটি গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের শেষ মুহূর্তে ফ্রি কিক থেকেও গোল করতে পারেননি তিনি। এরপর শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার জার্সিতে মেসির দীর্ঘ আন্তর্জাতিক অধ্যায়েরও সমাপ্তি ঘটে।

আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির অর্জনের তালিকাও অনন্য। কোপা আমেরিকা, বিশ্বকাপ ও আবার কোপা আমেরিকা জয়ের চক্র পূরণ করে ২০৮ ম্যাচে ১২৬ গোল ও ৬৯টি অ্যাসিস্ট নিয়ে জাতীয় দলের অধ্যায় শেষ করলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts