নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরের প্রতিভাবান কণ্ঠশিল্পী হাদিউর জামান হৃদয় সুরের মূর্ছনায় মুগ্ধ করছেন দেশজুড়ে সংগীতপ্রেমীদের। মৌলিক গান, মঞ্চ পরিবেশনা এবং বিভিন্ন সম্মাননা অর্জনের মাধ্যমে তিনি ধীরে ধীরে দেশের সংগীতাঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করে তুলছেন।
ছোটবেলা থেকেই গানের প্রতি গভীর অনুরাগ ছিল জামান হৃদয়ের। সেই আগ্রহ থেকেই তিনি একটি সংগীত একাডেমিতে নিয়মিত তালিম গ্রহণ করেন। দীর্ঘদিনের সাধনা, নিষ্ঠা ও পরিশ্রমের ফলস্বরূপ বর্তমানে যশোরের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন জেলা ও সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করে শ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছেন।
২০০৩ সালে দেশের জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা ক্লোজআপ ওয়ান-এ অংশগ্রহণের মাধ্যমে তার সংগীতজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়। এরপর থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট ও স্টেজ শোতে অংশ নিয়ে তিনি একজন পরিচিত কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এ পর্যন্ত তার তিনটি মৌলিক গান প্রকাশিত হয়েছে। গানগুলো হলো— ‘বৃষ্টি ভেজা সন্ধ্যাবেলা’, ‘জীবনে প্রথম তোমাকে’ এবং ‘চিতার আগুন’। গানগুলো শ্রোতাদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারের মাধ্যমে তিনি তার সংগীতজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন।
জামান হৃদয় বলেন, “চেষ্টা, ধৈর্য ও পরিশ্রম থাকলে সাফল্য একদিন অবশ্যই আসে। আমি সবসময় ভালো মানের গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে চাই। সামনে আরও কয়েকটি নতুন মৌলিক গান প্রকাশের পরিকল্পনা রয়েছে।”
সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি মেটালিক শিল্পাঙ্গন-এর পক্ষ থেকে সম্মাননা লাভ করেছেন। যশোর সদর উপজেলার কাশিমপুর এলাকার এই কণ্ঠশিল্পী নিজের সুর ও কণ্ঠের মাধ্যমে জেলার সুনাম দেশব্যাপী ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সংগীতপ্রেমীদের প্রত্যাশা, আগামী দিনগুলোতে নতুন নতুন গান নিয়ে আরও বৃহত্তর পরিসরে শ্রোতাদের হৃদয় জয় করবেন যশোরের এই সম্ভাবনাময় শিল্পী।