নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেন।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে গলির মুখে একটি পুরোনো বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। সন্দেহ হওয়ায় ব্যাগটি তল্লাশি করলে এর ভেতর থেকে ১০টি ককটেল পাওয়া যায়।
বিষয়টি জানানো হলে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেন। পরে রাত ১০টা ২৫ মিনিটে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ মাঠে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এসব ককটেল সেখানে কারা রেখে গেছে, তা শনাক্তে কাজ করছে পুলিশ। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।