নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর ন্যাম ভবনে মেয়ে মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের শাস্তি দাবি করেছেন তাঁর বাবা এস এম মাসুম বিল্লাহ। সোমবার সকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মেয়ের মরদেহের অপেক্ষায় থাকা অবস্থায় তিনি সাংবাদিকদের কাছে এ দাবি জানান।
মাসুম বিল্লাহ বলেন, মেয়ের সঙ্গে তাঁর নিয়মিত কথা হতো না। তবে মেয়ের সঙ্গে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নিয়মিত যোগাযোগ ছিল বলে তিনি জানতেন।
মেয়ের সঙ্গে শেষ দিকের কথোপকথনের প্রসঙ্গে তিনি বলেন, মরিয়ম বিভিন্ন সময় পারিবারিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে কষ্টের কথা তাঁকে জানিয়েছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব কথার মধ্যে মরিয়ম তাঁর মামা ওবায়দুর রহমানকে নিয়েও অভিযোগ করেছিলেন।
মরিয়মের বাবা দাবি করেন, মামার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার পর তাঁর মেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তবে এসব বক্তব্যের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন বলে জানান তিনি।
ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া কথিত হাতে লেখা চিরকুটগুলো মরিয়মের কি না—এ বিষয়ে নিশ্চিত নন তাঁর বাবা। তিনি বলেন, মেয়ের হাতের লেখা তিনি চেনেন না।
রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাঁর বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার পর গাজী নজরুল ইসলাম ও মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
মরিয়মের বাবা বলেন, তিনি ঘটনার সঠিক তদন্ত চান এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।