নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকার একটি সাততলা ভবনের ফ্ল্যাট থেকে শাহিদা বেগম (৬৮) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত শাহিদা বেগম ওই ফ্ল্যাটে একাই ভাড়া থাকতেন। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৭টার মধ্যে কোনো এক সময় হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যাত্রাবাড়ী থানার ওসি মো. রাজু জানান, ঘটনাস্থলে গিয়ে বাসার ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। তবে এটি ডাকাতি বা লুটপাটের ঘটনা কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
পুলিশ জানিয়েছে, নিহতের এক ছেলে মালয়েশিয়ায় থাকেন এবং দুই মেয়ে আলাদা বসবাস করেন। তার স্বামী শফিকুল ইসলাম আগে মারা গেছেন। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।