নিউজ প্রবাসী ডেক্স :
রাশিয়ার তেল ও গ্যাস আমদানিকারক দেশগুলোর বিরুদ্ধে কঠোর বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার পাশাপাশি দেশটির জ্বালানি আমদানিকারক চীন, ভারতসহ শীর্ষ পাঁচ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দেওয়ার প্রস্তাব রেখে একটি বিল সিনেটে পাস হয়েছে।
‘লিন্ডসে ও গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটি ৮৬-১১ ভোটে অনুমোদন পেয়েছে।
বিলটি আইনে পরিণত হলে রাশিয়ার তেল ও গ্যাসের শীর্ষ পাঁচ আমদানিকারক দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারবেন ট্রাম্প। বর্তমানে এ তালিকায় রয়েছে চীন, ভারত, আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়া।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দেশটির ধনকুবের ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞার প্রস্তাব রাখা হয়েছে।
এ ছাড়া ইরানের জ্বালানি খাতে বিনিয়োগকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রেখে ১৯৯৬ সালের ইরান নিষেধাজ্ঞা আইনের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে।
সিনেটে পাস হওয়ার পর বিলটি এখন প্রতিনিধি পরিষদে যাবে। আগামী ৩১ আগস্ট প্রতিনিধি পরিষদের অধিবেশন শুরু হলে সেখানে বিলটি তোলার কথা রয়েছে।
তবে কয়েকজন ডেমোক্র্যাট সতর্ক করে বলেছেন, এই আইন পাস হলে ট্রাম্পের হাতে নতুন করে ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা চলে আসতে পারে। তাদের আশঙ্কা, এই ক্ষমতা যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতিতে আরও বড় প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts