
নিউজ প্রবাসী ডেক্স :
ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ। রোমের প্রসিকিউটর কার্যালয়ের নির্দেশে শনিবার এ ছবি প্রকাশ করা হয়।
ইতালীয় পুলিশের তথ্য অনুযায়ী, সন্দেহভাজনের নাম শাহাদাত হোসেন। তার বাড়ি বাংলাদেশে। তাকে গ্রেপ্তারে জনসাধারণের সহযোগিতা চেয়ে রোম পুলিশের মোবাইল স্কোয়াড একটি হটলাইন নম্বরও প্রকাশ করেছে। সন্দেহভাজনের অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।
গত শুক্রবার রাতে রোমের একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে বাংলাদেশি কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী আরজু আক্তার (৩৮) এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যা আরোয়া ইসলাম আরিশার মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় তাদের ছেলে অয়নকে (২০), যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত কামাল উদ্দিন বাবুলের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।
এদিকে এই হত্যাকাণ্ডের পর নতুন করে আলোচনায় এসেছে এক বছর আগে পাওয়া একটি হুমকির চিঠি। পরিবারের স্বজনরা জানান, ২০২৫ সালের ২ জুলাই বাবুলের বাবা সিরাজুল ইসলামের বাড়িতে ‘লাল বাহিনী’ নামে একটি কথিত ডাকাত দলের পক্ষ থেকে উড়োচিঠি পাঠানো হয়েছিল। সেখানে অর্থ ও স্বর্ণালঙ্কার দাবি করা হয় এবং দাবি পূরণ না হলে পরিবারের সদস্যদের হত্যাসহ নারী সদস্যদের ওপর নির্যাতনের হুমকি দেওয়া হয়েছিল।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম জানান, বিষয়টি সে সময় পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছিল। এরপর পরিবারটির নিরাপত্তায় নিয়মিত নজরদারি চালানো হয়। তবে ইতালিতে ঘটে যাওয়া এই মর্মান্তিক হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন।
হত্যার প্রকৃত কারণ উদঘাটনে ইতালির পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে সন্দেহভাজন শাহাদাত হোসেনকে গ্রেপ্তারে অভিযানও অব্যাহত রয়েছে।