সোহেল রানা (খাজুরা) যশোর সংবাদদাতা :

যশোরের খাজুরা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন আহমেদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বন্দবিলা ইউনিয়নের পার্বতীপুর বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পালসার মোটরসাইকেলে সাদরের ইছালী ইউনিয়নের  কিসমত রাজাপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (২১) ও মাহাবুরের ছেলে রিফাত (১৯) যাচ্ছিলেন। অপরদিকে একটি ডিসকভারি মোটরসাইকেলে ইছালী ইউনিয়নের গাওঘরা গ্রামের হুমায়ুন আহমেদ (২৭) ছিলেন। পার্বতীপুর বটতলা মোড়ে পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

পরে ঢাকায় নেওয়ার পথে হুমায়ুন আহমেদের মৃত্যু হয়। আহত রিফাত বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts