নিউজ প্রবাসী ডেক্স   ॥
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন রাখতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে সরকার। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত প্রতিটি উপজেলায় মেডিকেল টিম মোতায়েন এবং প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
তিনি বলেন, প্রতিটি জেলার স্বাস্থ্য পরিস্থিতি তদারকির জন্য একজন করে জ্যেষ্ঠ চিকিৎসককে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক তথ্য সংগ্রহ ও সমন্বয়ের কাজ করছে। জেলা প্রশাসন, সিভিল সার্জন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে গর্ভবতী নারী, শিশু ও দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন, অ্যান্টিভেনমসহ অন্যান্য চিকিৎসাসামগ্রী দ্রুত মাঠপর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে।
এদিকে রাজধানীর একটি অনুষ্ঠানে তিনি জানান, চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল ও উপজেলা পর্যায়ে ধাপে ধাপে ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদার করতে মিডওয়াইফ ও কেয়ারগিভাররা বিশেষ স্ক্রিনিং যন্ত্র নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করবেন। পাশাপাশি পরিবার পরিকল্পনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts