নিউজ প্রবাসী ডেক্স:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তার নির্ধারিত চেয়ারে বসে এক যুবকের টিকটক ভিডিও তৈরির ঘটনা নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সরকারি দপ্তরের ভেতরে একজন বহিরাগত কীভাবে প্রবেশ করে এমন ভিডিও ধারণের সুযোগ পেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিক ও সেবাপ্রত্যাশীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। ভিডিওতে দেখা যায়, সমাজসেবা কর্মকর্তার জন্য নির্ধারিত চেয়ারে বসে এক যুবক টিকটকের গানের সঙ্গে বিভিন্ন অঙ্গভঙ্গি করছেন। পরে তিনি চেয়ার ছেড়ে উঠে কার্যালয়ের বিভিন্ন স্থানে ক্যামেরার সামনে পোজ দেন।

ভিডিওর দৃশ্যপটে কর্মকর্তার নামসংবলিত নেমপ্লেট, দাপ্তরিক কাগজপত্র ও সরকারি ফাইলও দেখা গেছে। এ ঘটনায় সরকারি কার্যালয়ের নিরাপত্তা, দাপ্তরিক শৃঙ্খলা ও দায়িত্ব পালনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, ভিডিও ধারণকারী যুবক ওই কার্যালয়ের কর্মকর্তা বা কর্মচারী নন। তিনি বহিরাগত। তাঁদের প্রশ্ন, প্রয়োজনীয় অনুমতি ছাড়া একজন ব্যক্তি কীভাবে সরকারি দপ্তরে প্রবেশ করে কর্মকর্তার চেয়ারে বসে ভিডিও ধারণ করলেন?

নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবাপ্রত্যাশী বলেন, সরকারি কাজে সাধারণ মানুষকে অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। অথচ বহিরাগত কেউ দপ্তরে ঢুকে কর্মকর্তার চেয়ারে বসে ভিডিও তৈরি করছেন—এটি সরকারি প্রতিষ্ঠানের মর্যাদা ও শৃঙ্খলার পরিপন্থী।

এ বিষয়ে বক্তব্য জানতে কমলনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান বলেন, ঘটনাসংক্রান্ত একটি ভিডিও তাঁর নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং সরকারি দপ্তরের শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts