নিউজ প্রবাসী ডেক্স :

নেত্রকোণায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়ার জন্য তাকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহ র‍্যাব-১৪-এর সদর কোম্পানির কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় মামলা করেন। মামলায় রিপন মিয়ার নাম উল্লেখ করে আরও আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলা হওয়ার পর থেকে রিপন আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১ আগস্ট সন্ধ্যায় বাড়ির উঠানে রান্নার কাজ করছিল ওই স্কুলছাত্রী। এ সময় তার বাবা-মা বাড়ির বাইরে ছিলেন। অভিযোগ অনুযায়ী, ওই সুযোগে রিপন মিয়া তাকে জোর করে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয় একটি বাজারে রাজনৈতিক দলের কার্যালয়ে বিষয়টি নিয়ে সালিস বৈঠক হয়। সেখানে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

ওই সালিস বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হয়।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানিয়েছেন, মামলাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করা হবে। আদালতের বিচারিক প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা ও অপরাধের চূড়ান্ত বিষয় নির্ধারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts