নিউজ প্রবাসী ডেস্ক:

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং দেশটির আইন-কানুন মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ঝুঁকিপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে চলার পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে ছবি, ভিডিও বা তথ্য সংগ্রহ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ হতে পারে। তাই ফেসবুক, ইউটিউব, এক্সসহ কোনো মাধ্যমে এ ধরনের স্পর্শকাতর তথ্য প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এসব ছবি-ভিডিও মুঠোফোনে সংরক্ষণ কিংবা অন্যের সঙ্গে শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য বিজ্ঞপ্তিতে কয়েকটি হটলাইন নম্বর দেওয়া হয়েছে। শ্রমসংক্রান্ত বিষয়ে টোল ফ্রি নম্বর ৮০০১০০০১২৫, পাসপোর্টসংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৬ এবং ডিপ্লোমেটিক উইংয়ের জন্য ৮০০১০০০১২৪ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া মৃত্যুসংক্রান্ত জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর +৯৬৬৫৭০২১২১৮০।

সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশিকে স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts