নিউজ প্রবাসী ডেক্স :
অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর করা মামলায় নিজের নাম উঠে আসা এবং তাকে ভুল পরিচয়ে চিহ্নিত করার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন মডেল জেবা তাকিয়া। স্নিগ্ধার বক্তব্যের পর নিজের অবস্থান ব্যাখ্যা করে ঘটনার বিভিন্ন দিক তুলে ধরেছেন তিনি।
সম্প্রতি আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করেন অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। মামলার এজাহারে স্নিগ্ধার দাবি, তাকে জেবা তাকিয়া মনে করে অভিযুক্ত ব্যক্তি ক্ষুব্ধ হন এবং পরে তার ওপর নির্যাতন চালান।
এ ঘটনায় নিজের নাম জড়িয়ে পড়ার বিষয়ে জেবা জানান, গুলশান-২ এলাকার একটি অফিসে হাসপাতালের টেলিভিশন বিজ্ঞাপনে কাজের জন্য তাকে ৫০ হাজার টাকা পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেখানে যাওয়ার পর বিজ্ঞাপনে কাজের পরিবর্তে তাকে মডেলিং ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি সেখান থেকে চলে আসেন বলে দাবি করেন জেবা। পরে তিনি ওই ব্যক্তির নম্বর ব্লক করে দেন বলেও জানান।
স্নিগ্ধার সঙ্গে তার কোনো ধরনের যোগাযোগ নেই বলেও দাবি করেছেন জেবা। একটি অডিও বার্তায় তিনি জানান, আসিফ নামের একজনের সঙ্গে তার ভাই-বোনের মতো সম্পর্ক ছিল। নির্মাতা সাকিব সনেটও তার আচরণের প্রশংসা করতেন বলে উল্লেখ করেন তিনি।
জেবার ধারণা, এসব বিষয়কে কেন্দ্র করে স্নিগ্ধার মনে তার প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়ে থাকতে পারে। তবে স্নিগ্ধার সাবেক প্রেমিকের সঙ্গে তার কোনো পরিচয় বা যোগাযোগ নেই বলেও পরিষ্কার করেছেন এই মডেল।
ঘটনাটি নিয়ে দুই পক্ষের বক্তব্য সামনে আসায় স্নিগ্ধার করা মামলা ও জেবা তাকিয়ার নাম জড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।