নিউজ প্রবাসী ডেক্স :

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পদযাত্রা শেষে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় দলটির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপির দাবি, পদযাত্রা শেষে ফেরার পথে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। এতে কয়েকজন নেতাকর্মী ও সাংবাদিক আহত হন। একপর্যায়ে সারজিস ও নাসীরুদ্দীনকে একটি ভবনের ভেতরে অবরুদ্ধ করে রাখা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে সার্কিট হাউজে নিয়ে যায়।
অন্যদিকে ছাত্রদল নেতাদের অভিযোগ, আজমিরীগঞ্জে অনুষ্ঠিত সমাবেশে এনসিপির নেতারা বিএনপির নেতাদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে টাউন হল এলাকায় বিক্ষোভের সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, পদযাত্রা শেষে বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এনসিপির নেতাদের নিরাপদে উদ্ধার করে সার্কিট হাউজে পৌঁছে দেয়।
ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts