আন্তর্জাতিক ডেস্ক:
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কুমামোটো শহরের একটি বহুতল শপিং মলের অংশ ধসে পড়েছে। এতে বহু মানুষ ভবনের ভেতরে আটকা পড়েছেন বলে জানিয়েছে দেশটির উদ্ধারকারী সংস্থাগুলো।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের খবরে বলা হয়েছে, কুমামোটোর ‘ইয়ন মল’-এর ২০ থেকে ৩০ জন কর্মীর সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তারা ধসে পড়া ভবনের ভেতরে আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধারকারীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
ভূমিকম্পের পরপরই মলের কর্মীরা ক্রেতাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে ভবনের একটি অংশ ধসে পড়ায় হতাহতের আশঙ্কা দেখা দিয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, ভূমিকম্পে বিভিন্ন এলাকায় মানুষ আহত হয়েছেন এবং সড়ক, ভবনসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার কার্যক্রম জোরদার করতে আত্মরক্ষা বাহিনীর (এসডিএফ) ৩ হাজার ৬০০ সদস্য মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এরপর অন্তত ৬১টি পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা।
পরিস্থিতির কারণে কিউশু অঞ্চলের দেড় লাখের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে এবং সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। কুমামোটোতে একটি ফুটব্রিজ ধসে পড়লেও বিকল্প সেতু দিয়ে যান চলাচল অব্যাহত রয়েছে।
এদিকে টোকিওর হানেদা বিমানবন্দরে অন্তত ৪০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। তবে ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতা কিছু সময়ের মধ্যেই প্রত্যাহার করা হয়েছে।
আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ভূমিকম্পের পর সেন্দাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের ঝুঁকি তৈরি হয়নি এবং কেন্দ্রটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে।