আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশের বৃন্দাবনে একটি আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানের পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) মথুরা পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।

পুলিশের তথ্যমতে, বৃন্দাবনের চৈতন্য বিহারে ‘বৃন্দাবন গুরুকুলম’ নামের আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। ট্যাংক থেকে দুর্গন্ধ বের হলে সেটি পরিষ্কারের জন্য শিক্ষার্থীরা ভেতরে নামেন।

প্রথমে এক শিক্ষার্থী ট্যাংকের ভেতরে ঢুকে আর বের হতে পারেননি। তাকে উদ্ধারের জন্য একে একে আরও কয়েকজন শিক্ষার্থী ভেতরে নামেন। পরে তারাও ট্যাংকের মধ্যে আটকা পড়েন। স্থানীয়রা পাঁচ শিক্ষার্থীকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীদের বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপর শিক্ষার্থীকে উন্নত চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার কারণ অনুসন্ধানে দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে পুলিশ। পাশাপাশি শিক্ষার্থীদের কেন এবং কীভাবে পানির ট্যাংকের ভেতরে নামানো হয়েছিল, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, ঘটনাটি মুখ্যমন্ত্রীর নজরে আসার পর দ্রুত উদ্ধার অভিযান ও আহত শিক্ষার্থীর চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় অনুমোদন ছিল কি না, তা জানতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে এলাকার অন্যান্য আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানও পরিদর্শন ও নিরাপত্তা ব্যবস্থা যাচাই করা হবে।

এসএসপি কুমার জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। নিহত শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts