নিউজ প্রবাসী ডেক্স :
হামে আক্রান্ত এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে দায়েরের আবেদন করা মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।
রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জশিতা ইসলাম আবেদনটি খারিজের আদেশ দেন। আদালতের ভাষ্য, মামলাটি গ্রহণের মতো প্রয়োজনীয় আইনি উপাদান পাওয়া যায়নি।
গত ৫ জুলাই শিশুটির বাবা সিরাজুল ইসলাম আদালতে আবেদন করেন। তিনি অভিযোগ করেন, চিকিৎসায় অবহেলা, টিকার সংকট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের অভাবে তার ৯ মাস বয়সী কন্যা সাউদা মুসকানের মৃত্যু হয়েছে।
মামলায় মুহাম্মদ ইউনূস ও নূরজাহান বেগম ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে আসামি করার আবেদন করা হয়েছিল।
আবেদনে বলা হয়, শিশুটি প্রথমে জ্বরে আক্রান্ত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলা হয় এবং দাবি করা হয়, রাষ্ট্রীয় পর্যায়ে টিকা সরবরাহ ও রোগ প্রতিরোধে ব্যর্থতার কারণেও এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
তবে আদালত অভিযোগের প্রাথমিক ভিত্তি যথেষ্ট না পাওয়ায় আবেদনটি খারিজ করে দেন। এর আগে একই ধরনের অভিযোগে দায়ের করা আরও কয়েকটি মামলার আবেদনও আদালত খারিজ করেছিলেন।