ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে দুটি শর্ত দেওয়ার যে খবর প্রকাশিত হয়েছে, তা নাকচ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানিয়েছেন, এ বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো পর্যায়েই আলোচনা হয়নি।

সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব বা শর্ত বাংলাদেশের সরকারকে জানানো হয়নি। এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদনের কোনো সরকারি ভিত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে ভারতের কর্মকর্তারা দুটি শর্তের ইঙ্গিত দিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশের সেনাবাহিনীকে দেওয়ার কথা বলা হয়েছে। সে ক্ষেত্রে সামরিক উড়োজাহাজ পাঠিয়ে অথবা স্থলসীমান্তের নির্ধারিত কোনো স্থান থেকে তাঁকে গ্রহণ করার বিকল্পের কথা উল্লেখ করা হয়।

দ্বিতীয় শর্ত হিসেবে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়া এবং জুলাই গণহত্যার অভিযোগে বিচার নতুন করে শুরু করার নিশ্চয়তা দেওয়ার বিষয়টি প্রতিবেদনে তুলে ধরা হয়।

এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের দায়িত্বশীল কোনো পর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হলে বাংলাদেশ সে অনুযায়ী প্রতিক্রিয়া জানাবে। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সরকারের অবস্থান নির্ধারণ করা হবে না।

ভারত সরকার সরাসরি এসব শর্তের কথা জানিয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে বলেন, এ বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো কথাই হয়নি।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের পর শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts