নিউজ প্রবাসী ডেক্স:

ইরান সংশ্লিষ্ট সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে মার্কিন বি-১বি ল্যান্সার বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

যুক্তরাজ্যের রাজকীয় বিমান বাহিনীর (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটিতে এসব মার্কিন বোমারু বিমান মোতায়েন ছিল। ইরানের সঙ্গে সংঘাতে বিমানগুলো ব্যবহারের কথাও জানানো হয়েছে। ঘাঁটিটিকে এর আগে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

সম্প্রতি ঘাঁটির আশপাশ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে পাঁচ ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়। এর পরিপ্রেক্ষিতেই নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বোমারু বিমানগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ট্রাম্পের বক্তব্যে উঠে এসেছে।

সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ঘাঁটিটিতে সম্ভাব্য হুমকি থাকার ধারণা থেকেই বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তার ভাষায়, হুমকির মুখে বিমানগুলো সেখানে রেখে দেওয়ার কোনো কারণ নেই এবং সেগুলো সরিয়ে নেওয়ার মাধ্যমে ঝুঁকি কমানো সম্ভব হয়েছে।

এই হুমকির সঙ্গে ইরানের কোনো যোগসূত্র রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এর সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা থাকতে পারে।

তবে সম্ভাব্য হুমকির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি প্রকাশ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts