নিউজ প্রবাসী ডেক্স :

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে ভাস্কর্যের মাথায় জুতার মালা ঝোলানো অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতা মুক্তিযোদ্ধা কামালুজ্জামান জানান, সোমবার রাতে কে বা কারা ভাস্কর্যটিতে জুতা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কয়েকজন মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে জুতাগুলো সরিয়ে ফেলা হয়।

তিনি বলেন, কয়েক মাস আগেও নির্মাণাধীন ভাস্কর্যটি ভাঙচুরের ঘটনা ঘটেছিল।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে পুলিশ ঘটনাটি জানতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক মো. নোমান হোসেন জানান, ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

ভাস্কর্যে জুতা ঝোলানোর ঘটনায় মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts