নিউজ প্রবাসী ডেস্ক
সৌদি আরবের রিয়াদ ও আভা বিমানবন্দরে হামলার ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার এ তথ্য জানিয়েছে।
প্রতিবেশী ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী ও সৌদি সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ার মধ্যেই সৌদির বিমানবন্দর দুটিতে হামলার ঘটনা ঘটল। মঙ্গলবার ও বুধবার পৃথক হামলায় হতাহতের ঘটনা ঘটে।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন।
অন্যদিকে, আভা বিমানবন্দরে হামলায় নিহত হয়েছেন দুজন। সেখানে আহত হয়েছেন আরও ২৮ জন।
তবে পরপর দুই দিনে হামলার ঘটনা ঘটলেও কোন হামলাটি ঠিক কোন দিনে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
হামলার ধরন বা এর জন্য কারা দায়ী, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।