নিউজ প্রবাসী ডেক্স:

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

সোমবার (১২ অক্টোবর) বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি এ তথ্য জানান।

তিনি বলেন, ভারতের পেট্রাপোল বন্দরে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বাংলাদেশে সাপ্তাহিক ছুটিসহ ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। দুই দেশের ছুটি মিলিয়ে ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা আট দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দুর্গাপূজার ছুটিতে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ পাঠানো হলে বিশেষ ব্যবস্থায় তা খালাস করা হবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ১৮ ও ১৯ অক্টোবর বন্দরে পণ্য ওঠানো-নামানো, খালাস ও শুল্কায়নের কাজ চলবে। এসব কাজ শেষে ভারতীয় ট্রাকগুলো নিজ দেশে ফিরে যেতে পারবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, পূজার ছুটিতে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। এ সময় যাত্রীর সংখ্যা বাড়ার সম্ভাবনা থাকায় নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ইমিগ্রেশনে পুলিশের জনবল বাড়ানো হয়েছে।

বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৫০০ ট্রাকে পণ্য আমদানি-রপ্তানি হয়। পাশাপাশি এ পথে প্রতিদিন দেড় হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts