নিউজ প্রবাসী ডেস্ক :
পুরান ঢাকার চকবাজারের ‘মনজুর খান প্লাজা’ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার চার ঘণ্টা পেরিয়ে গেলেও তা নিয়ন্ত্রণে আনতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।
সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে ইউনিটের সংখ্যা বাড়ানোর তথ্য জানানো হয়। নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান হোসেন বলেন, এলাকার সরু গলির কারণে বড় আকারের ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে প্রবেশ করতে পারছে না। পাশাপাশি ঘন ধোঁয়া ও পানির স্বল্পতায় আগুন নেভানোর কাজে বেগ পেতে হচ্ছে।
প্রয়োজন হলে আগুন নিয়ন্ত্রণে আরও ইউনিট যুক্ত করা হতে পারে বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে মার্কেটটিতে আগুন লাগার খবর পান তাঁরা। পরে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রাথমিকভাবে তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। পরে পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, মার্কেটের ষষ্ঠ তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম অব্যাহত ছিল।