নিউজ প্রবাসী ডেস্ক
মধ্য আমেরিকার দেশ পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবারের এ ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত শুক্রবার পানামায় ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির মধ্যাঞ্চলীয় কয়েকটি প্রদেশে শত শত বাড়িঘর ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করে সরকার।
শুক্রবারের বড় ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ৩০০টিরও বেশি মৃদু কম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে। সর্বশেষ কম্পনের পর নতুন করে ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পানামার জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে অন্তত ২৭ জন আহত হয়েছেন এবং প্রায় ৯০০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য সংগ্রহের কাজ চলছে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে লস সান্তোস, কোকলে, ভেরাগুয়াস ও এরেরা প্রদেশ। এসব এলাকায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।