আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। হামলার ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে প্যারিসের দক্ষিণ-পশ্চিমে ত্রাপে ও পাশের লা ভেরিয়ের এলাকায় এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। ফরাসি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, চলন্ত গাড়ি থেকে বিভিন্ন স্থানে গুলি ছোড়া হয়। প্রায় ১৫ মিনিট ধরে এ সহিংসতা চলে। আহতদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে।

ফ্রান্সে শনিবার বড় ধরনের বিক্ষোভের আয়োজনের আগে এ হামলার ঘটনা ঘটল। ঘটনাটিকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির জাতীয় সন্ত্রাসবিরোধী কৌঁসুলির কার্যালয়। তবে হামলার প্রকৃত উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেন নুনিয়েজ জানান, ঘটনাটি গুরুতর সহিংসতার শামিল। অন্যদিকে, ত্রাপের মেয়র আলি রাবেহের ভাষ্য অনুযায়ী, হামলাকারী একটি ধূসর রঙের রেনল্ট ক্লিও গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে মানুষকে লক্ষ্য করে গুলি চালান।

মেয়র জানান, ত্রাপের একটি পেট্রোল পাম্প, চিকিৎসাকেন্দ্র ও খেলার মাঠে গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরে হামলাকারী পাশের লা ভেরিয়েরের দিকে চলে যান। শহরের প্রধান এন১০ সড়কের কাছ থেকে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে পুলিশ ইউনিয়নের এক কর্মকর্তা জানিয়েছেন।

হামলার পেছনে বর্ণবাদ কিংবা ইসলামবিদ্বেষ কাজ করেছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ত্রাপের মেয়র। তবে এ বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts