নিউজ প্রবাসী ডেক্স:

২০২৭ সালের হজ কার্যক্রম পরিচালনায় সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। নতুন চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। সরকারের বিশেষ অনুরোধে আগের বরাদ্দের সঙ্গে অতিরিক্ত পাঁচ হাজার হজযাত্রীর কোটা যুক্ত করেছে সৌদি কর্তৃপক্ষ।

সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে সই করেন। পরে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

চুক্তি স্বাক্ষরের পর ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশের পক্ষ থেকে কোটা বাড়ানোর বিশেষ অনুরোধ জানানো হলে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও পাঁচ হাজার হজযাত্রীর অনুমোদন দেন। এতে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট হজ কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।

দুই দেশের প্রতিনিধিদের বৈঠকে হজ ব্যবস্থাপনার প্রস্তুতি ও কোটা বৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সৌদি আরবের মীনায় তাঁবুর সীমিত ধারণক্ষমতার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বৈঠকে সৌদি কর্তৃপক্ষ জানায়, অন্য কোনো দেশ তাদের বরাদ্দ করা কোটা পূরণে ব্যর্থ হলে অথবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই অতিরিক্ত সুযোগ বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশের হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী। এ জন্য সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সংশ্লিষ্ট মন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এবং দেশটির কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার হজ ব্যবস্থাপনাকে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে কাজ করছে। হজযাত্রীদের সেবার মান বাড়ানো এবং প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন। নতুন চুক্তির ফলে আগামী বছর আরও পাঁচ হাজার মানুষ হজে যাওয়ার সুযোগ পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ও সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, দুই দেশের রাষ্ট্রদূত এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts