নিউজ প্রবাসী ডেক্স:
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির শহরের কাছে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। হতাহতদের সবাই কারখানাটির শ্রমিক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৯ নভেম্বর) দুপুরে ইজমিরের আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি তুরস্কের অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী সংস্থা।
স্থানীয় গভর্নরের ভাষ্য অনুযায়ী, কারখানায় ক্রেনের সাহায্যে একটি নতুন বয়লার স্থানান্তরের কাজ চলছিল। এ সময় ক্রেনটি ভেঙে পড়ে। এর সঙ্গে থাকা বিভিন্ন সরঞ্জাম নিচে অবস্থিত একটি চুল্লির মধ্যে পড়ে গেলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ঘটনার পর কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ে এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রথমে অনেকের ধারণা হয়েছিল, সেখানে ভূমিকম্প হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রথমে এ ঘটনায় ১৬ জন নিহত হওয়ার কথা জানান। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহতদের একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।
ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানিয়েছেন, কারখানার ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তও শুরু হয়েছে।
অন্যদিকে, কারখানাটি পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির তুর্কি বিভাগ জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তুরস্কের কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে বলে জানিয়েছে স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ।
আলিয়াগা তুরস্কের গুরুত্বপূর্ণ বন্দরাঞ্চলগুলোর একটি। একই সঙ্গে এটি দেশটির জাহাজ ভাঙার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবেও পরিচিত।