নিউজ প্রবাসী ডেক্স:
কুড়িগ্রামে আকস্মিক শিলাবৃষ্টিতে আমন ধানের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে যেসব জমির ধান পাকতে শুরু করেছে, সেসব জমির ফসল নিয়ে বেশি উদ্বেগে রয়েছেন কৃষকেরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয় জেলার কুড়িগ্রাম সদর, রাজারহাটসহ কয়েকটি এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ শুরু হওয়া শিলাবৃষ্টি প্রায় দুই থেকে তিন মিনিট স্থায়ী হয়। অপ্রত্যাশিত এ ঘটনায় অনেকেই বিস্মিত হন। শিলার আঘাতে মাঠের উঠতি আমন ধানের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম বলেন, রাতে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। বর্তমানে মাঠে আমন ধান রয়েছে। শিলার আঘাতে ফসলের কতটা ক্ষতি হয়েছে, তা এখনো বুঝতে পারছেন না তাঁরা।
একই এলাকার কৃষক সামছুল হক জানান, তাঁর কয়েক বিঘা জমির ধান ইতোমধ্যে পাকতে শুরু করেছে। ফসল ঘরে তোলার আগমুহূর্তে শিলাবৃষ্টি হওয়ায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তিনি। ধান চাষে অনেক টাকা বিনিয়োগ করেছেন উল্লেখ করে তিনি বলেন, এ সময় ফসল নষ্ট হলে কৃষকদের আর্থিক সংকট আরও বাড়বে।
শিলাবৃষ্টির পরিমাণ ও বৃষ্টিপাতের সঠিক তথ্য জানতে রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। রাত হওয়ায় কৃষি বিভাগের কর্মকর্তাদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় প্রায় ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তবে রাতের শিলাবৃষ্টিতে এসব জমির ফসলের কোনো ক্ষতি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফসলের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাঠপর্যায়ে পরিদর্শন ও তথ্য সংগ্রহ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় কৃষকেরা।