নিউজ প্রবাসী ডেস্ক:

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সেমিফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। অন্যদিকে আফগানিস্তানকে ৮ উইকেটে পরাজিত করে শিরোপার লড়াই নিশ্চিত করেছে ভারত। আগামী শনিবার (১৪ নভেম্বর) দুই দলের মধ্যকার ফাইনাল অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। টসের পর ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ফরিদ হাসানের দল। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার আব্দুল্লাহ আর মুহি। রাকিবুল হাসানের ব্যাট থেকে আসে ২৬ রান। আল রাফি করেন ২০ রান।

জবাবে ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ ব্যাটিং করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ১২৩ রান যোগ করেন দুই ওপেনার। হায়াম খান ৬৯ রান করে ফিরলেও অপর প্রান্তে অবিচল ছিলেন উসমান খান। তাঁর অপরাজিত ৬৪ রানের ইনিংসে ভর করে মাত্র এক উইকেট হারিয়েই জয় তুলে নেয় পাকিস্তান। আব্দুল কাদির অপরাজিত থেকে তাঁকে সঙ্গ দেন।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তান প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে। নোমান সালারজাই ও শাহ ফয়সাল রাহিমি দুজনই ৫১ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লক্ষয় রাইচন্দন ও আর্যবীর শেবাগ। তাঁদের উদ্বোধনী জুটিতে আসে ১১৭ রান। রাইচন্দন ৯০ বলে ৯৩ রান করে আউট হন। শেবাগ করেন ৫৭ বলে ৫১ রান।

এরপর ভিকে ভিনেথ ও ইয়াসবর্ধন চৌহান বাকি কাজ শেষ করেন। ভিনেথ ৫৭ রানে অপরাজিত থাকেন এবং চৌহান অপরাজিত থাকেন ১৬ রানে। ফলে ৮ উইকেটের জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত।

এবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts