আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা থেকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ডেমোক্র্যাট-শাসিত শহর ও অঙ্গরাজ্যগুলোতে দুর্নীতি ও অপরাধ দমনে ভ্যান্সকে পূর্ণ মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ সিদ্ধান্তের কথা জানান। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে নতুন করে কোনো চুক্তির প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই। তার ভাষ্য, চুক্তির প্রয়োজনীয়তা অনেক আগেই শেষ হয়েছে। ইরানের বিপুল পরিমাণ অর্থ এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং হরমুজ প্রণালিও তাদের নিয়ন্ত্রণে।
পোস্টে ট্রাম্প মিনেসোটা, ক্যালিফোর্নিয়া ও ইলিনয়সহ ডেমোক্র্যাট-শাসিত কয়েকটি অঙ্গরাজ্যের প্রশাসনিক পরিস্থিতির সমালোচনা করেন। এসব এলাকায় ব্যাপক দুর্নীতি ও অপরাধ চলছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, প্রতি মাসে সেখানে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ হচ্ছে। এ ধরনের অপরাধ দমন করা গেলে যুক্তরাষ্ট্রের বাজেট দ্রুত ভারসাম্যে আনা সম্ভব হবে।
এর আগে বুধবার ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ভ্যান্স সরাসরি বৈঠকের বিষয়টি বিবেচনা করছেন। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইয়ের সঙ্গে তার সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলছিল বলে মার্কিন ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের বরাত দিয়ে জানায় সংবাদমাধ্যমটি।
সম্প্রতি ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছে ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর বিষয়ে ভ্যান্সের ভূমিকা নিয়ে আপত্তি না থাকার কথা জানিয়েছিলেন ট্রাম্প। এমনকি সমঝোতার বিষয়ে ভাইস প্রেসিডেন্টকে ক্ষমতাও দেওয়া হয়েছিল। তবে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি বৈঠকের জন্য ভ্যান্সকে পাঠানোর বিষয়টি তখনো প্রাথমিক পর্যায়ে ছিল বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন।
কূটনৈতিক তৎপরতায় বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের তুলনায় সাম্প্রতিক সময়ে ভ্যান্স বেশি সক্রিয় ছিলেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। তেহরানের সঙ্গে ওয়াশিংটনের প্রধান যোগাযোগকারী হিসেবে নিজের অবস্থান তৈরি করছিলেন তিনি।
তবে ইরানের সঙ্গে আলোচনায় ভ্যান্সের সরাসরি সম্পৃক্ততা তার জন্য রাজনৈতিক ঝুঁকিও তৈরি করতে পারত। তেহরান বড় ধরনের ছাড় দিতে রাজি না হলে ব্যর্থ আলোচনার দায় তার ওপর পড়ার আশঙ্কা ছিল। বিপরীতে, অজনপ্রিয় সংঘাতের অবসান ঘটাতে সফল হলে তা তার রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে পারত।