নিউজ প্রবাসী ডেস্ক:
ভারতের বিরোধী দল কংগ্রেস আয়োজিত গণতন্ত্রবিষয়ক সম্মেলনে যোগ দিতে আসা শতাধিক বিদেশি বক্তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ নেতা শশী থারুর। ভিসা বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে নরওয়ের এক সাংবাদিকও রয়েছেন, যিনি এর আগে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করেছিলেন।
শুক্রবার (১৩ নভেম্বর) শশী থারুর অভিযোগ করেন, সম্মেলনে অংশ নেওয়ার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়া ৩১৫ জন বক্তার মধ্যে ১১৫ জনকে পরবর্তী সময়ে প্রবেশে বাধা দেওয়া হয়েছে অথবা তাঁদের ভিসা বাতিল করা হয়েছে। তাঁর দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে থারুর প্রশ্ন তোলেন, কোন আইনি বিধানের আওতায় সরকার এমন পদক্ষেপ নিয়েছে, তা স্পষ্ট নয়। তিনি বলেন, সমালোচনামূলক মতামত প্রকাশ করতে পারেন—এমন ব্যক্তিদের কণ্ঠ রোধ করার প্রবণতা একটি গণতান্ত্রিক দেশের জন্য উদ্বেগজনক।
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ভিসা দেওয়া বা বাতিল করার বিষয়টি সংশ্লিষ্ট দেশের সার্বভৌম এখতিয়ারের অন্তর্ভুক্ত।
ভিসা বাতিলের শিকার নরওয়ের সাংবাদিক হ্যালে লিং গত বুধবার জানান, ভারতে যাওয়ার ঠিক আগমুহূর্তে তাঁর ভিসা বাতিল করা হয়েছে। হায়দরাবাদে কংগ্রেস আয়োজিত সম্মেলনে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে বক্তব্য দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
এর আগে গত মে মাসে নরওয়ের রাজধানী অসলোতে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গণমাধ্যম এড়িয়ে চলার কারণ জানতে চেয়েছিলেন হ্যালে লিং।
এদিকে সাংবাদিকের ভিসা বাতিলের ঘটনায় নিন্দা জানিয়েছে এডিটরস গিল্ড অব ইন্ডিয়া। সংগঠনটি এ সিদ্ধান্তকে আমলাতান্ত্রিক বাড়াবাড়ি হিসেবে উল্লেখ করে এর কারণ প্রকাশ এবং সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
শুক্রবার হায়দরাবাদে শুরু হওয়া দুই দিনব্যাপী সম্মেলনে গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বৈশ্বিক সহযোগিতা নিয়ে আলোচনায় অংশ নিতে ৭০টিরও বেশি দেশের প্রায় এক হাজার প্রতিনিধি যোগ দিয়েছেন।