নিউজ প্রবাসী ডেক্স :

কয়েক দিনের সহিংসতার পর গোপালগঞ্জে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে নতুন করে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। তবে ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম এখনো বন্ধ রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার রাতেই মহাসড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল শুরু করে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ জানান, বৃহস্পতিবার রাতেই মহাসড়ক পরিষ্কার করা হয়েছে। এরপর থেকে যানবাহন চলাচল শুরু হয়। শুক্রবার সড়কগুলো দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করছে।

জেলা শহরের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দেখা গেছে। পাশাপাশি খাবারের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। শহরের সড়কে রিকশা ও ইজিবাইক চলাচল করলেও অন্যান্য যানবাহনের উপস্থিতি তুলনামূলক কম। সাম্প্রতিক সহিংসতার কারণে সাধারণ মানুষের চলাচলও সীমিত রয়েছে।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টির কারণে জেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো মিছিল কিংবা নতুন করে ভাঙচুরের খবর পাওয়া যায়নি।

এর আগে কয়েক দিনের সহিংসতায় টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া সংসদ সদস্যদের বাড়ি, গ্রামীণ ব্যাংকের শাখা, বিএনপি কার্যালয় এবং বিএনপি ও জামায়াত নেতাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গত কয়েক দিনের এসব ঘটনার বিষয়ে বক্তব্য জানতে জেলা পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts