নিউজ প্রবাসী ডেস্ক
দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্তে প্রতি ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এ নিয়ে টানা নয় দফায় স্বর্ণের দাম কমল। সব মিলিয়ে এই সময়ে প্রতি ভরিতে দাম কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা।
শনিবার (২১ নভেম্বর) রাতে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে বাজুস। রোববার (২২ নভেম্বর) থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।
বাজুসের নির্ধারিত তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা। এসব দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে শুক্রবার (২০ নভেম্বর) প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
গত ৬ নভেম্বর থেকে ধারাবাহিকভাবে স্বর্ণের দাম কমছে। ওই দিন প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানোর পর ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা এবং ১৮ নভেম্বর আরও ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। এরপর ১৯ নভেম্বর সপ্তম দফায় ৩ হাজার ২৬৬ টাকা এবং ২০ নভেম্বর অষ্টম দফায় ১০ হাজার ৯৬৪ টাকা কমানো হয়। সর্বশেষ নবম দফায় আরও ৬ হাজার ১৮২ টাকা কমানোর ঘোষণা আসে।
বাজুসের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বেড়েছে, ৭৬ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল সংগঠনটি। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, কমানো হয়েছিল ২৯ বার।
স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের রুপা ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।