
নিউজ প্রবাসী ডেক্স :
রুদ্ধশ্বাস টাইব্রেকারে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ৪-৩ গোলে হারিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারাগুয়ে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে সমতায় শেষ হলে নিষ্পত্তি হয় টাইব্রেকারে।
প্যারাগুয়ের জয়ের নায়ক গোলরক্ষক ওর্লান্দো হিল। টাইব্রেকারে তিনি জার্মানির কাই হাভার্টজ ও নিক ভল্টেমাডার শট রুখে দেন। পরে সাডেন ডেথে হোসে কানালের সফল শটে ঐতিহাসিক জয় নিশ্চিত করে প্যারাগুয়ে।
ম্যাচের ৪২তম মিনিটে হুলিও এন্সিসোর গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে কাই হাভার্টজ হেডে সমতা ফেরান জার্মানির হয়ে। এরপর নির্ধারিত ও অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
বিশ্বকাপের ইতিহাসে টাইব্রেকারে এই প্রথম পরাজয়ের স্বাদ পেল জার্মানি। অন্যদিকে ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে নেমেই চমক দেখাল প্যারাগুয়ে।
কোয়ার্টার-ফাইনালে জায়গা নিশ্চিত করতে এবার প্যারাগুয়েকে লড়তে হবে ফ্রান্স অথবা সুইডেনের বিপক্ষে।