
নিউজ প্রবাসী ডেক্স :
আগামী কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বৃহস্পতিবার প্রকাশিত সাপ্তাহিক পূর্বাভাসে জানানো হয়, আগামী ৯ জুলাই পর্যন্ত বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, ভারতের ত্রিপুরা এবং মিয়ানমার সীমান্তবর্তী উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে উজানে ৩০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এতে চট্টগ্রাম বিভাগের সাঙ্গু, মাতামুহুরী, হালদা, মুহুরী, ফেনী, সেলোনিয়া ও গোমতী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। ফলে ৬ থেকে ৯ জুলাইয়ের মধ্যে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার ও ফেনীর নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এছাড়া ৪ থেকে ৭ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু এলাকায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয় প্রশাসন ও নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।