নিউজ প্রবাসী ডেক্স :
টানা বর্ষণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সোমবারও চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। দুপুরে কিছু সময়ের জন্য রোদের দেখা মিললেও অনেক সড়কে পানি জমে থাকায় যান চলাচল ব্যাহত হয়। কোথাও কোথাও পানি নেমে যাওয়ার পর সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ।
সকালের বৃষ্টির কারণে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। গণপরিবহনের সংকটের পাশাপাশি রিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া গেছে।
মোহাম্মদপুর, কারওয়ান বাজার, মহাখালী, নিউমার্কেট, নীলক্ষেত, বনানী, কাকলী, ইসিবি চত্বর এবং যমুনা ফিউচার পার্ক সংলগ্ন বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও ধীরগতির যান চলাচলের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশ বিকল্প সড়ক ব্যবহার এবং পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ঢাকায় ২৭ ঘণ্টায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। ফলে রাজধানীর কিছু এলাকায় আবারও সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তা অব্যাহত থাকায় আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে