আন্তর্জাতিক ডেস্ক ॥
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এ হামলায় কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস হয়েছে এবং আরও কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে এ দাবির স্বাধীন কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। যুক্তরাষ্ট্র কিংবা সিরিয়ার সামরিক কর্তৃপক্ষও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
আইআরজিসি আরও দাবি করেছে, সিরিয়ার আল-তানফে অবস্থিত মার্কিন বিশেষ অভিযান কমান্ড সেন্টারেও হামলা চালানো হয়েছে। একই সঙ্গে তারা জর্ডানে অবস্থানরত মার্কিন স্বার্থের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে ইরাকের কুর্দি অঞ্চলের এরবিল ও সুলাইমানিয়ায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রের দাবি, সেখানে ইরানের কুর্দি ভিন্নমতাবলম্বী গোষ্ঠী কোমালাকে লক্ষ্য করে হামলা হয়েছে, যাতে অন্তত নয়জন নিহত হয়েছেন। যদিও এ হামলার দায় তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি তেহরান।
সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়াজুড়ে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েছে। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের সামরিক তৎপরতাও জোরদার হয়েছে।