নিউজ প্রবাসী ডেক্স :
বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের চাপা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি এসি বাস সিল্কিবান্ধা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে সেখানে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর উঠে যায়।
এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। পরে আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে গাইবান্ধার আমিরুল, নূর আলম ও বেলাল হোসেনের পরিচয় পাওয়া গেছে। তারা দিনমজুর ও কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন।
দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।