নিউজ প্রবাসী ডেক্স :
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে দিনভর যৌথ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও বিপুলসংখ্যক হাতবোমাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব।
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামের লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদী এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে একটি একনলা বন্দুক, শটগানের নয়টি গুলি, চারটি বুলেটপ্রুফ জ্যাকেট, ১৩৬টি হাতবোমা, আটটি দেশীয় বল্লম, একটি স্টিলের ঢাল, হেলমেট ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার তিনজন হলেন সওদাগরকান্দি গ্রামের হাসেন আলীর ছেলে মনির হোসেন, একই এলাকার প্রয়াত তালেব আলীর ছেলে আলকাছ এবং ফারুক মিয়ার ছেলে সাইম ইসলাম।
পুলিশের ভাষ্য, সওদাগরকান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদ গ্রুপ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় তিনজনকে আটক করা হয়।
উদ্ধার করা অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে এক বালতি পাথর এবং একটি ইঞ্জিনচালিত নৌকা। পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এসব অস্ত্র ও সরঞ্জাম মজুত করা হয়েছিল।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।
এর আগে গত ২ আগস্ট চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামে এক পক্ষের হামলা ও গুলিতে কৃষক মোমেন মিয়া নিহত হন। ওই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।