নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক আরও স্বাভাবিক ও শক্তিশালী করার বার্তা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী।
মঙ্গলবার দিল্লিতে মোদীর সঙ্গে তার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের তথ্য জানিয়েছে ঢাকায় ভারতীয় হাই কমিশন। এ সময় দুই দেশের বহুমুখী ও দীর্ঘমেয়াদি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা চান দীনেশ ত্রিবেদী।
এর আগে সোমবার ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সেদিনই দিল্লির উদ্দেশে রওনা হন ভারতীয় হাই কমিশনার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর দীনেশ ত্রিবেদী বলেছিলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু বিরোধপূর্ণ বিষয় থাকলেও ঐতিহাসিক বাস্তবতা ও ভৌগোলিক অবস্থানের কারণে এসব সমস্যার সমাধান প্রয়োজন।
দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কমানোর উদ্যোগের অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
এদিকে, ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রমও চালু করেছে ভারত। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ে যোগাযোগও বেড়েছে।
তবে ৫ আগস্ট নয়াদিল্লিতে আয়োজিত একটি সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ঢাকা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল।
এর মধ্যেই দীনেশ ত্রিবেদীর দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠককে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর নতুন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts