নিউজ প্রবাসী ডেক্স :
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে ভোট দেবেন সংসদ সদস্যরা। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর এবার আবারও রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামী প্রার্থী দেওয়ায় ভোটাভুটির প্রয়োজন পড়ছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২০ আগস্ট দুপুর ২টায় জাতীয় সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
একটি সাধারণ আসনে প্রার্থিতা বাতিল হওয়ায় এবার ভোট দিতে পারবেন ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে বিএনপির ২৪৭ জন এবং জামায়াতে ইসলামীর ৭৭ জন সংসদ সদস্য রয়েছেন। পাশাপাশি বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে রয়েছেন আরও ২৫ জন।
সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০২, ২০০৯, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। এর মধ্যে শুধু ১৯৯১ সালেই ভোটাভুটি হয়েছিল। বাকি নির্বাচনগুলোতে ক্ষমতাসীন দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
১৯৯১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস আওয়ামী লীগের প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে পরাজিত করেন। এরপর দীর্ঘ সময় রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রয়োজন হয়নি।
এবারও সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এমপিদের ভোট দেওয়ার সুযোগ সীমিত। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সংসদ সদস্যদের ভোট দেওয়ার বিষয়টিই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর সভাপতিত্বেই আগামী ২০ আগস্ট সংসদ কক্ষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।