নিউজ প্রবাসী ডেক্স :
ইয়েমেনের হুতিদের হামলার আশঙ্কায় লোহিত সাগরে সৌদি আরবের তেল রপ্তানি কার্যক্রমে বাড়ছে গোপনীয়তা। হামলা এড়াতে সৌদি তেলবাহী ট্যাংকারগুলো ট্র্যাকিং সিগন্যাল বন্ধ করে চলাচল করছে।
বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, সৌদির পশ্চিম উপকূলের ইয়ানবু বন্দরে তেল লোডিং কার্যক্রমও অনেকটা গোপনে পরিচালিত হচ্ছে। ফলে দেশটির তেল রপ্তানিতে হুতিদের হুমকির প্রকৃত প্রভাব নির্ণয় কঠিন হয়ে পড়েছে।
গত ২০ জুলাই সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয় হুতিরা। এরপর লোহিত সাগরে সৌদি-সংশ্লিষ্ট ট্যাংকার ও তেল স্থাপনায় হামলার দাবি করে তারা।
হুমকির কারণে বাব আল-মান্দেব প্রণালি দিয়ে জাহাজ চলাচলও কমেছে। সৌদি আরব এখন তেল রপ্তানিতে সুয়েজ খাল ও মিশরের সুমেদ পাইপলাইনের ওপর বেশি নির্ভর করছে।
এদিকে বিভিন্ন সংস্থার তথ্যেও সৌদির ইয়ানবু বন্দর থেকে তেল লোডিংয়ের পরিমাণে বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে। ফলে হুতি হামলার হুমকির মধ্যে সৌদির তেল রপ্তানির প্রকৃত চিত্র অনেকটাই ‘চোখের আড়ালে’ চলে গেছে।