নিউজ প্রবাসী ডেক্স :
ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যবসায়ীরা নানা কৌশল অবলম্বন করেন। তবে আলু-পেঁয়াজ বিক্রি বাড়াতে দোকানের সামনে নৃত্যশিল্পী এনে নাচানোর ঘটনা বেশ ব্যতিক্রমী।
সম্প্রতি ভারতের চেন্নাইয়ের একটি সবজির দোকানের এমনই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রায় ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা এক তরুণী বলিউডের জনপ্রিয় ‘ছম্মক ছল্লো’ গানের তালে দোকানের সামনে নাচছেন। পেছনে রাখা রয়েছে আলু ও পেঁয়াজের বস্তা।
নাচ দেখতে দোকানের সামনে ভিড় করেন পথচারী ও ক্রেতারা। আর দোকানের ভেতরে বসে ওই আয়োজন উপভোগ করতে দেখা যায় বিক্রেতাকে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ ও সবজি বিক্রি বাড়াতেই এই অভিনব প্রচারণার আয়োজন করা হয়। পরে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ব্যবসায়ীর অভিনব কৌশলের প্রশংসা করেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন—বিক্রি বাড়াতে এমন প্রচারণা কতটা যুক্তিসংগত।