নিউজ প্রবাসী ডেক্স :
পাকিস্তানে আফগান শিক্ষার্থীদের মেডিকেল ও ডেন্টাল পড়াশোনা স্থগিতের নির্দেশ দিয়েছে পাকিস্তান মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল—পিএমডিসি। একই সঙ্গে বর্তমানে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের নিজ দেশে ফিরে যেতে বলা হয়েছে।
পিএমডিসির নতুন নির্দেশনায় পাকিস্তানের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল প্রতিষ্ঠানে আফগান শিক্ষার্থীদের নতুন করে ভর্তি পুরোপুরি বন্ধ করা হয়েছে। পাশাপাশি চলমান শিক্ষার্থীদের পড়াশোনা স্থগিত রেখে আফগানিস্তানে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি বা স্থানান্তরের সুযোগও বন্ধ করা হয়েছে। তবে যারা ইতোমধ্যে কোর্স শেষ করেছেন, তাদের ডিগ্রি অর্জন ও পাকিস্তান ছাড়ার বিষয়টি নথিবদ্ধ করতে বলা হয়েছে।
দেশটির সব মেডিকেল ও ডেন্টাল প্রতিষ্ঠানকে তাদের আফগান শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য তিন দিনের মধ্যে পিএমডিসিতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য গোপন বা নির্ধারিত সময়ে জমা দিতে ব্যর্থ হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি।