নিউজ প্রবাসী ডেক্স :
নোয়াখালীর বেগমগঞ্জে ১৪ দিন বয়সী নবজাতককে বৃষ্টির পানি রাখার প্লাস্টিকের ড্রামে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় ১৯ বছর বয়সী মা ফাতেমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মজুমদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ধ্যা থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে ফাতেমা প্রথমে অসংলগ্ন বক্তব্য দেন। পরে ঘরের একটি পানির ড্রাম থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ফাতেমা সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। তার ভাষ্য, শিশুটি অতিরিক্ত কান্নাকাটি করত এবং তাকে ঘুমাতে দিত না।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। গ্রেপ্তার ফাতেমাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।