নিউজ প্রবাসী ডেক্স :
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় ওমান বাধা হয়ে দাঁড়ালে দেশটিতে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন।
হরমুজ প্রণালি খুলতে ইরানের সঙ্গে আলাদাভাবে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ওমান। প্রায় ছয় মাস ধরে যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ এই জলপথটি কার্যত বন্ধ রয়েছে।
ট্রাম্পের হুমকির বিষয়ে ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্ট জানান, ওমান আলোচনার পথে বাধা হয়ে দাঁড়ালে দেশটির ওপর ‘ভয়াবহ বোমা হামলা’ চালানোর কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ওমান নিজেকে নিরপেক্ষ দেশ হিসেবে দাবি করে আসছে। একই সঙ্গে হরমুজ প্রণালি খুলতে তেহরানের সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশটি।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যাকচ্যানেলে সরাসরি যোগাযোগ রয়েছে—ট্রাম্পের এমন দাবিও প্রত্যাখ্যান করেছে আইআরজিসি। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো ধরনের আলোচনা চলছে না।